জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
রোববার (৫ জুলাই) দুপুরে সাভার পৌরসভার একটি স্থানীয় মিলনায়তনে ৩৬ জুলাই কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন।
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, বিগত দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার সারাদেশের জনগণের ওপর যে জুলুম-নির্যাতন চালিয়েছে, তার মধ্যে জামায়াত-শিবিরের ওপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করেছে। তারই প্রেক্ষিতে এ দেশে জুলাই অভ্যুত্থানের সূচনা ঘটে। জুলাই অভ্যুত্থানে এ দেশের আবালবৃদ্ধবনিতা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য রাস্তায় নেমে আসে, যার ভিত্তিতে ফ্যাসিবাদের পতন ঘটে।
তিনি বলেন, বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে বিগত সময়ে বিএনপির শত্রু ছিল জামায়াত। সরকারের শুভবুদ্ধির উদয় ঘটুক—সেই প্রত্যাশা করেন তিনি।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের মানুষের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষায় ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য, সম্প্রীতি ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ সমাজকে দেশপ্রেম, আদর্শিক চেতনা ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করতে হবে। একই সাথে আইনের শাসন, মানবাধিকার, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
বক্তব্যের শেষে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং আন্দোলনের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: শহিদুল ইসলামসহ জেলা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।



