নাটোরের সিংড়ায় অসহায় নারীর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
রোববার (১৭ মে) সকালে উপজেলার সিধাখালী গ্রামের আয়েশা বেওয়ার জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন তারা।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে অসুস্থ হয়ে তার স্বামী কৃষক রওশন আলীর মৃত্যু হলে সংসারের হাল ধরেন ওই নারী। চলিত বছরে তিনি দুই বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করে ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। টানা কয়েক দিনের বৃষ্টিতে জমিতেই ধান নষ্ট হচ্ছিল। খবর পেয়ে রোববার সেই বিধবা নারীর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন শরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।
বিধবা নারী আয়েশা বেওয়া জানান, অন্যের বাড়িতে কাজ করে জোগানো অর্থ ও প্রতিবেশী কয়েক জনের কাছ থেকে টাকা ধার নিয়ে দুই বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করেছিলেন। কিন্তু টানা বৃষ্টির কারণে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। আর আশ-পাশের সব জমির ধান কাটা হলেও একমাত্র তার জমির ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। সেই ধান কেটে ঘরে তুলে দেয়ায় তিনি খুশি।
শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, এ বছর ধান কাটার শুরু থেকেই ঝড়-বৃষ্টির কারণে চলনবিলের কৃষকের মাঝে কোনো ধান কাটার উৎসব ছিল না। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নির্দেশে এ বিলের কৃষকের পাশে দাঁড়িয়েছেন। আত্রাই নদীর পানি জোর মল্লিকা ব্রিজসহ কয়েকটি পয়েন্ট দিয়ে বিলে প্রবেশ পথে বাঁধ নির্মাণে কৃষকদের সহযোগিতা করেছেন। আজ একজন বিধবা নারীর এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন।
সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ মাহমুদ বলেন, বিএনপি নেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে ওই ইউনিয়নের কৃষকের বিপদ-আপদে ছুটে যান। সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন।



