ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে মো: রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক হাওলাদার বাশবুনিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন বয়াতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক উত্তর বাশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে একটি জমিতে রাখা ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে রাখার পর পাশের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



