ভোলার লালমোহন উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা: আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার আবু তাহের মাতাব্বর (৪৫) ও মো: অলি উল্যাহ ডুবাই (৫৮)।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে কর্তারহাট এলাকায় মাহফিল শুনতে রওয়ানা দেন আবু তাহের মাতাব্বর ও অলি উল্যাহ ডুবাই। এরপর তারা মোটরসাইকেল নিয়ে ডা: আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ভোলাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এ ঘটনায় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো: অলিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর পর বাসটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



