মো: ইয়াসির হোসাইন মাদারগঞ্জ (জামালপুর)
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আব্দুল হাই বুলু (৬১) নামে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রধান শিক্ষক ইন্তেকাল করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, গত বৃহস্পতিবার স্ত্রীকে সাথে নিয়ে তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।
মরহুমার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুম আব্দুল হাই বুলু (৬১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। স্থানীয় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতা জীবনে তিনি এলাকায় সুনাম অর্জন করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্ত্রীকে সাথে নিয়ে তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। মদিনায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার জানিয়েছে, জানাজা শেষে মদিনার ঐতিহাসিক বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



