রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝে পড়ে মোহাম্মদ আনোয়ার হোসেন (৫০) নামে এক পানি বিক্রেতা নিহত হয়েছেন।
শনিবার (৯ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ারের ছেলে জিহাদ জানান, আমার বাবা আব্দুল্লাহপুর মাছের আড়তে পানি সরবরাহ করতেন। বেলা ১১টার দিকে পানি নিয়ে আব্দুল্লাহপুর মাছের আড়তে যাওয়ার সময় একটি বাস ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে বাবাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেয়া হয়। তার অবস্থার আরো অবনতি হলে আমরা দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে আমার বাবা মারা যান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



