নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যান গাড়ির সংঘর্ষে মো: আলী (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী উপজেলার আচঁলকোট গ্রামের আবুল হোসেনের ছেলে এবং সিংড়া বাজারের ছাগল ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন বালুভরা গ্রামের ভ্যানগাড়ির চালক আজাহার আলী (৬০), শেরকোল রাণীনগর গ্রামের আফসার আলী (৪৯), একই গ্রামের আরিফ হোসেন (৩৮) এবং কুসাবাড়ি গ্রামের অটোচালক সিরাজ উদ্দিন (৪৫)।
জানা গেছে, আহতদের মধ্যে চালক আজাহার আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক ও পাশের ফুটপাত দখলমুক্তের দাবি জানান এলাকাবাসী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ।



