রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণ থেকে লাগা আগুনে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আলু বাজারের ‘আর্মান সেলুন’-এ এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে সেলুনের নাপিত ও চুল কাটাতে আসা গ্রাহক রয়েছেন।
দগ্ধরা হলেন সামশেদ (৩০), মোহাম্মদ ফারুক (৩৫), রিনকো (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), রনি (৩৬), জসিম (৪০), আরমান (৩৭), রফিক (২৫) ও সাকিব (১৭)।
তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিলে ভর্তি দেয়া হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, গুলিস্তান আলু বাজার এলাকা থেকে একটি সেলুনে এসি বিস্ফোরণ দগ্ধ হয়ে আমাদের এখানে ১০ জন এসেছে। তাদের মধ্যে সামসেদ ১৫ শতাংশ, ফারুক ৫০ শতাংশ, রিনকো ২১ শতাংশ, রাজু ১৮ শতাংশ, পাপ্পু ১৮ শতাংশ, রনি ১০ শতাংশ, জসিম ৮ শতাংশ, আরমান ১৫ শতাংশ, রফিক ১২ শতাংশ ও সাকিব ১ শতাংশ দগ্ধ হয়েছেন।
তিনি আরো বলেন, তাদের নয়জনকে ভর্তি দেয়া হয়েছে। সাকিবের দগ্ধ কম হওয়ায় আমরা অবজারভেশনে রেখেছি, তাকে ছেড়ে দেয়া হবে।



