রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামের এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শ্যামপুর হাইওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
নিহত দিনা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লার পুলিশ লাইন তাগার পাড় এলাকার আব্দুল কাদেরের মেয়ে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শহিদুল ইসলাম জানান, অফিস শেষে বাসায় ফেরার পথে শ্যামপুর হাইওয়ে রাস্তায় একটি দ্রুতগামী অটোরিকশা দিনা বেগমকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



