মেহেরপুরের গাংনীতে ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক ও দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার আলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার উত্তরশালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন, যশোরের ঝিকরগাছার সজিব হোসেনের ছেলে শিশু আবরার হোসেন এবং উত্তরশালিকা গ্রামের মহিন হোসেনের মেয়ে আফরিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকটি বামন্দী থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথে আলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আরিফের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন আবরার, আফরিন, মাহিন ও তার স্ত্রী মুক্তা খাতুন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবরার ও আফরিনের মৃত্যু হয়। আহত মাহিন ও মুক্তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, ‘লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



