রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেনের ধাক্কায় তন্ময় বর্মন (৩০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক বেলা সাড়ে ১২টা দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা তমাল জানান, চাকরির পরীক্ষার কোচিং করার উদ্দেশে সকালে গাজীপুরের নিজ বাসা থেকে ঢাকায় আসেন তন্ময়। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেন থেকে নিচে পড়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে তার মৃত্যু হয়।
নিহত তন্ময় বর্মন গাজীপুরের গাছা থানার বোর্ড বাজার এলাকার তাপস বর্মনের ছেলে। তিনি ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।



