রাজধানীর রমনার ওয়াইসিস আবাসিক ইস্পাহানি কলোনি একটি ভবনে অষ্টম তলা থেকে সুফিয়া আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুফিয়া আক্তার সুনামগঞ্জ জেলার কাউকান্দিচাহেরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মোহাম্মদ জালাল উদ্দিনের মেয়ে। সে রমনা ওয়াইসিস আবাসিক এলাকার ৬০৮/বি ইস্পাহানি কলোনির অষ্টম তলায় থাকত, সেখানেই কাজ করতG
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে রোববার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ইস্পাহানি কলোনির একটি অষ্টমতলা ভবনের বাথরুমের ঝরনার সাথে ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পাই সুফিয়া আক্তারকে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘আমরা জানতে পেরেছি কিশোরী ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। কী কারণে আত্মহত্যা করেছে এই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি, বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’



