রাজধানীর তেজগাঁও থানার বসুন্ধরা শপিংমলের অষ্টম তলা থেকে পড়ে আনুমানিক ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বসুন্ধরা শপিংমলের নিরাপত্তাকর্মী মোহাম্মদ রফিক জানান, ঈদের কেনাকাটায় মার্কেটের ক্রেতা-বিক্রেতাসহ আমরা সবাই ব্যস্ত ছিলাম। এ সময় হঠাৎ আমাদের শপিং মলের লেভেল ৮ থেকে ওই যুবকটি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘ওই যুবক নিজেই লাফ দিয়েছিল নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এ বিষয়ে আমরা কিছুই বলতে পারব না।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের জন্য ইতোমধ্যেই সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



