রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী ও ভাগ্নির পর এবার ফাহিমা (২১) নামের এক নারী মারা গেছেন।
শনিবার রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত বৃহস্পতিবার মো: শাহীন (২৪) ও তাদের ভাগ্নি হাফছা (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছিলেন। ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, তার স্বামী শাহীন ও ভাগ্নি শিশু হাফছার মৃত্যু হয়।
গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হাফছার মৃত্যু হয়। এরপর শুক্রবার সকাল ৬টার দিকে আইসিইউতে মারা যান শাহীন।



