মাদারীপুরের রাজৈরে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শামিম মুন্সি নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন যাত্রী।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যাত্রী নিয়ে রাজৈরের কবিরাজপুর থেকে টেকেরহাট আসছিল একটি ইজিবাইক। সড়কের তাঁতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের চালকসহ চারজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকচালক শামিমকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেলেও ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



