বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কৃতী আর্চারি খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য স্বর্ণপদক অর্জন করে গৌরব বয়ে এনেছেন।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সফর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম।
তিনি জানান, বিজিবির ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত এবং তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাইধনখালি গ্রামে।
‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’-এ বাংলাদেশ দলের হয়ে অংশগ্রহণ করে রাকিব এই সাফল্য অর্জন করেন।
তিনি আরো জানান, গত ২০ মার্চ বাংলাদেশ দল থাইল্যান্ডে গমন করে এবং ২১ মার্চ থেকে ব্যাংককে এ ধরনের প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
২৭ মার্চ সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। এ বিজয়ে বিজিবি’র এই কৃতি আরচারী গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বিজিবি’র এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে আরো সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


