এশিয়া কাপ শেষ বাংলাদেশের, শূন্য হাতেই ফিরছেন আফঈদারা

এই গ্রুপ থেকে চীন ৯ পয়েন্ট এবং দক্ষিণ কোরিয়া ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। আর উজবেকিস্তানের সামনেও সুযোগ আছে দুই তৃতীয় সেরা দলের একটি হিসেবে পরের পর্বে ওঠার।

নয়া দিগন্ত অনলাইন
এশিয়া কাপ থেকে শূন্য হাতেই ফিরছেন আফঈদারা
এশিয়া কাপ থেকে শূন্য হাতেই ফিরছেন আফঈদারা |সংগৃহীত

হারানোর কিছু নেই জেনেই এশিয়ান কাপে এসেছিল বাংলাদেশ। তবে সুযোগ ছিল অবিশ্বাস্য কিছু প্রাপ্তির। তবে অভিজ্ঞতা ছাড়া তেমন কিছুই মিললো না, খালি হাতেই দেশে ফিরছে টাইগ্রেসরা।

সোমবার (৯ মার্চ) উজ্জীবিত ফুটবল খেললেও চমকপ্রদ কিছু করতে পারেনি পিটার বাটলারের দল। উজবেকিস্তানের বিপক্ষে ৪-০ গোলের হার দিয়েই শেষ হলো এশিয়া কাপের প্রথম অধ্যায়।

চীন ও উত্তর কোরিয়ার চেয়ে খানিকটা সহজ প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান, তবুও র‍্যাঙ্কিংয়ে টাইগ্রেসদের থেকে এগিয়ে ছিল ৬৩ ধাপ। তারপরও আশা ছিলো এই ম্যাচে অন্তত জালের দেখা পাওয়ার।

তবে সেই আশা পূরণ হয়নি। বারবার সুযোগ যদিও পেলেন ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসকুরা। কিন্তু জালের দেখা মিলল না কোনোভাবেই। আগের দুই ম্যাচের মতোই নিজেদের নামের পাশে ছিল শূন্য-ই।

পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে সোমবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শুরু থেকেই অবশ্য চাপে ছিল বাংলাদেশ। উজবেক নারীরা দুই উইং দিয়ে ভীতি ছড়াতে থাকে রক্ষণে।

রক্ষণে চাপ ধরে রেখে দশম মিনিটে গোলও তুলে নেয় তারা। নিলুফার কুদরাতোভার থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে জালে জড়ান দিয়োরাখোন খাবিবুল্লায়েভা। মিলি ঝাঁপিয়ে পড়লেও বলের গতির সাথে পেরে ওঠেননি।

গোল খাওয়ার পর নিজেদের খুঁজে পায় বাংলাদেশের মেয়েরা। মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন ঋতুপর্ণা-আনিকারা। কিন্তু উজবেক রক্ষণদূর্গের সামনে বারবার পরাস্ত হতে হয়েছে।

কখনো শট নিতে দেরি, কখনো আবার জায়গামতো খেলোয়াড় উপস্থিত না থাকায় হতাশায় ডুবতে হয়েছে বাঘিনীদের। প্রতিক্রমণে মধ্য এশিয়ার দেশটির মেয়েরাও ত্রাস ছড়াচ্ছিল।

প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে সমতায় ফিরতে পারেনি। ৩০ মিনিটে উজবেকিস্তানের রক্ষণভাগকে কাঁপিয়ে দেন ঋতুপর্ণা চাকমা। তবে গোলকিপার দারুণ ক্ষিপ্রতায় লাফিয়ে এক হাতের থাবায় সেভ করেন।

তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েরা উজবেকদের গতির সাথে আর পেরে ওঠেনি। রক্ষণভাগের ভুলে একের পর এক গোল হজম করে বড় হারের মুখ দেখতে হয় বাটলারের দলকে।

৬২ ও ৬৬ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন খাবিবুল্লায়েভা। আর ৮৮ মিনিটে বাকি গোলটি করেন কুদরাতোভা। মাঝে উজবেকিস্তানের আরো একটি গোল ফাউলের কারণে বাতিল করেন রেফারি।

গ্রুপ বি’তে তিন ম্যাচে ১১ গোল হজম করে বিদায় নিলো বাংলাদেশ। তিনটি ম্যাচই হেরে যাওয়ায় কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি বাংলাদেশ। পায়নি কোনো গোলের দেখাও।

এই গ্রুপ থেকে চীন ৯ পয়েন্ট এবং দক্ষিণ কোরিয়া ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। আর উজবেকিস্তানের সামনেও সুযোগ আছে দুই তৃতীয় সেরা দলের একটি হিসেবে পরের পর্বে ওঠার।