বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর খুব কাছে পৌঁছে গেছেন দুই ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই বাংলাদেশে আসবেন তারা।
বাংলাদেশ ফুটবলে প্রবাসীদের আগমনের ঢেউ পড়েছে। হামজা চৌধুরী আসার পর বিশ্বের আনাচে-কানাচে থেকে লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর আগ্রহ প্রকাশ করছেন অনেক প্রবাসী ফুটবলাররা।
এবার এই তালিকায় যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। জানা গিয়েছিল জুন উইন্ডোতে বাফুফের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশী বংশোদ্ভূত এই দুই ফুটবলার।
তবে নতুন খবর হলো যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ব্রাদার্সদের বাংলাদেশের জার্সিতে দেখতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। আগামী সপ্তাহেই তাদের বাংলাদেশে আসার সুখবর দিয়েছে বাফুফে।
যমজ দুই ভাই রেনান ও ডেক্লান সুলিভানকে প্রাথমিকভাবে অনূর্ধ্ব-২০ দলে ডাকা হচ্ছে জানিয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, সুলিভান ভাইদের ক্ষেত্রে প্রধান ধাপগুলো সম্পন্ন হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সব ঠিক থাকলে তারা আগামী ১৪ বা ১৫ মার্চ ঢাকায় আসবে। এ বছরের প্রথম যুব প্রতিযোগিতা হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। আমার বিশ্বাস দুই ভাই সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’
উল্লেখ্য, এই দুই ভাই বাংলাদেশে আসছেন তাদের মায়ের সূত্রে। তাদের নানি ছিলেন বাংলাদেশী ও নানা জার্মান বংশোদ্ভূত। সেই হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও জার্মানি তিন দেশের হয়েই খেলার সুযোগ আছে তাদের।
এই পরিবারের বড় দুই ছেলে কুইন ও কাভান সুলিভান এরই মাঝে তারকা ফুটবলার হিসেবে পরিচিতি অর্জন করেছেন। কুইন খেলেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়েও। আর ছোট দুই ভাই আসছেন বাংলাদেশে।


