স্পোর্টিং সিপিকে হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল

অবশেষে ইনজুরি টাইমে বদলি খেলোয়াড়দের অবদানেই আসে জয়। গ্যাব্রিয়েল মার্টিনেলির দুর্দান্ত পাস থেকে হাভার্টজ অফসাইড ট্র্যাপ ভেঙে গোল করেন এবং আর্সেনালকে মূল্যবান জয় উপহার দেন।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচের একেবারে শেষ দিকে গোল করে নায়ক হন জার্মান তারকা কেই হাভার্টজ
ম্যাচের একেবারে শেষ দিকে গোল করে নায়ক হন জার্মান তারকা কেই হাভার্টজ |সংগৃহীত

শেষ মুহূর্তের গোলে স্পোর্টিং সিপিকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নাটকীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল।

ম্যাচের একেবারে শেষ দিকে গোল করে নায়ক হন জার্মান তারকা কেই হাভার্টজ। সাম্প্রতিক ঘরোয়া আসরের ব্যর্থতার ধাক্কা সামলে এই জয় আর্সেনালের জন্য গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস এনে দিয়েছে।

মিকেল আর্তেতার দল ম্যাচজুড়ে সেরা ছন্দে ছিল না, তবে গোলরক্ষক ডেভিড রায়র দারুণ কিছু সেভ এবং হাভার্টজের ক্লিনিক্যাল ফিনিশিং তাদের জয় উপহার দেয়।

১৫ এপ্রিল লন্ডনে ফিরতি লেগে আর্সেনাল সেমিফাইনালে ওঠার সুস্পষ্ট ফেভারিট হলেও শিরোপা জিততে হলে তাদের আরো উন্নতি করতে হবে।

ম্যানচেস্টার সিটি ও সাউদ্যাম্পটনের বিপক্ষে টানা দুই হারের পর এই ম্যাচে কিছুটা চাপেই ছিল গানার্সরা। তবে কঠিন ম্যাচে জয় তুলে নিয়ে সমালোচকদের জবাব দিয়েছে তারা।

আর্তেতা বলেন, আমাদের আরো দ্রুত, আরো কার্যকর হতে হতো। কিছু সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু শেষ পাসটা ঠিক ছিল না। শেষ পর্যন্ত ফিনিশারদের জাদু মুহূর্তেই ম্যাচ জিতিযয় দিলো। এই পর্যায়ে এমন প্রভাব তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। সবাইকে অবদান রাখতে হয়, আর আজ তারা সেটাই করেছে।

রায়ার প্রশংসা করে আর্তেতা বলেন, সে দুইটি গুরুত্বপূর্ণ সেভ করেছে। সে এখন অসাধারণ ফর্মে আছে, আমরা তাকে পেয়ে ভাগ্যবান।

ইনজুরির কারণে আর্সেনালের দলে কাল অনুপস্থিত ছিলেন জুরিয়েন টিম্বার, পিয়েরো হিনকেপি, এবেরেজি এজে ও বুকায়ো সাকা। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিক্লান রাইস।

ম্যাচে শুরু থেকেই ব্যস্ত ছিলেন রায়া। স্পোর্টিংয়ের ম্যাক্সি আরাউজোর শক্তিশালী শট তিনি কর্নারের সাহায্যে রক্ষা করেন। এরপর জেনি কাটামোর শটও দারুণভাবে ঠেকান।

প্রথমার্ধে আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের শট ছিল তাদের একমাত্র অন-টার্গেট প্রচেষ্টা।

দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করে আর্সেনাল। লিনড্রো ট্রোসার্ড একটি সুযোগ নষ্ট করেন, ওডেগার্ডের ফ্রি-কিকও অল্পের জন্য পোস্টেও পাশ দিয়ে বাইওে চলে যায়। শেষদিকে স্পোর্টিংও সুযোগ তৈরি করে, কিন্তু রায়া আবারো দলকে রক্ষা করেন।

অবশেষে ইনজুরি টাইমে বদলি খেলোয়াড়দের অবদানেই আসে জয়। গ্যাব্রিয়েল মার্টিনেলির দুর্দান্ত পাস থেকে হাভার্টজ অফসাইড ট্র্যাপ ভেঙে গোল করেন এবং আর্সেনালকে মূল্যবান জয় উপহার দেন।