চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কারা

এবারের বিশ্বকাপেও নেই ইতালি। টানা তৃতীয় আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের। তবে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতি ও ডিআর কঙ্গো।

নয়া দিগন্ত অনলাইন

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। যার ৪২টি দেশ নির্ধারিত হয়েছিল আগেই। বাকি ছিল কেবল ৬টি টিকিট। বুধবার পূর্ণ হয়ে গেছে সেই শূন্যস্থান।

মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ ফাইনাল শেষে মূল পর্বে খেলা নিশ্চিত করে সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, ডিআর কঙ্গো, বসনিয়া ও হার্জেগোভিনা।

আর আজ সকালে সবশেষ দল হিসেবে ইরাকের বিশ্বকাপে ওঠার মধ্য দিয়ে নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপের ৪৮ দেশ। যাদের নিয়ে আগামী ১১ জুন পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের।

এই ৪৮ দল ১২ গ্রুপে ভাগ হয়ে খেলবে বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে মোট ম্যাচ হবে ১০৪টি। ১৯ জুলাই ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

এবারের বিশ্বকাপেও নেই ইতালি। টানা তৃতীয় আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের। তবে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতি ও ডিআর কঙ্গো।

এ ছাড়া ৪০ বছর বিরতি দিয়ে ফিরছে ইরাক, আর ২৪ বছর পর বিশ্বকাপে দেখা যাবে তুরস্ককে।

এক নজরে বিশ্বকাপের ৪৮ দল ও ১২ গ্রুপ
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র।

গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা।

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক।

গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও।

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া,সুইডেন।

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিসর, নিউ জিল্যান্ড।

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো।

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।