সম্ভাবনা ছিল, তবে সুযোগ হলো না এবারো। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি নেইমারের। প্রাথমিক দলে থাকলেও মূল দলে উপেক্ষিত তিনি।
ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করা এই তারকা অবশ্য এখনো আশা ছাড়ছেন না। এখনো স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার। ঘোষণা দিয়েছেন লড়াই চালিয়ে যাওয়ার।
আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে বোস্টনে ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে অরল্যান্ডোতে খেলবে ব্রাজিল। বিশ্বকাপের আগে যা সেলেসাওদের গুছিয়ে নেয়ার শেষ সুযোগ।
এই দুই ম্যাচ সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সোমবার দল ঘোষণা করেন। সেখানে রাখেননি নেইমারকে। অবশ্য ২০২৩ সালের অক্টোবর থেকেই জাতীয় দলে নেই নেইমার।
মূলত চোট পিছু ছাড়ছে না নেইমারের। বারবার চোটে পড়ায় ফিটনেসও আগের মতো নেই তার। ব্রাজিল কোচ আনচেলত্তিও স্পষ্ট করেই বলেন, নেইমারের বাদ পড়া পুরোপুরি ফিটনেসের কারণে।
তিনি বলেন, ‘নেইমার এখনো শতভাগ ফিট নয়, তাই সে দলে নেই। যদি সে পুরোপুরি ফিট হতে পারে, তাহলে অবশ্যই দলে থাকার সুযোগ আছে।’
তিনি আরো যোগ করেন, নেইমারকে তার ফুটবল দক্ষতা প্রমাণ করতে হবে না, বরং শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে নেইমারকে ছাড়াই ঘোষণা করা হয় ২৬ সদস্যের দল। যেখানে নতুন মুখ পাঁচজন। তবে চোটের জন্য রদ্রিগো, ব্রুনো গিমারেস, মিলিতাওদের জায়গা হয়নি।
ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক : অ্যালিসন, বেনতো, এডারসন
ডিফেন্ডার : ওয়েসলি, অ্যালেক্স স্যান্ড্রো, ডগলাস সান্তোস, মারকুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ব্রেমার, দানিলো, ইবানেজ, লিও পেরেইরা।
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড : এন্ড্রিক, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, রায়ান, জোয়াও পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিউস কুনিয়া, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র।



