আবারো শিরোপার ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লাল-সবুজের দল। মালেতে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২০২৪ সালে বাংলাদেশ সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারো অপরাজিত থেকেই ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে লাল-সবুজের যুবারা।
ফাইনালে ওঠার পথে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক।
মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা। বলের দখল ও মাঝমাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে ফয়সাল-মোর্শেদরা।
তাতে ম্যাচের সপ্তম মিনিটে লিড নেয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়। মুরশেদ আলীর দারুণ এক পাসে বল পান ফয়সাল। তবে সুবিধাজনক অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি।
তবে এই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। মুরশেদ আলীর ক্রস জটলার মাঝে থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান মানিক।
এই গোলের পর গোটা স্টেডিয়ামের গ্যালারি উৎসবে মেতে ওঠে। সেই উৎসব আরো দীর্ঘ হয় পরের মিনিটেই। বাংলাদেশ আবার নেপালের জালে বল পাঠায়। গোল করেন রোনান সুলিভান।
তবে এমন সময় সহকারী রেফারি অফ সাইডের পতাকা তোলেন। যা মেনে নিতে পারেনি বাংলাদেশ দল। ডাগ আউট থেকে যার প্রতিবাদ হয় ব্যাপকভাবে।
তাতে ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ বিরতিতে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে নেপালের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশ। ছেড়ে কথা বলেনি নেপালও।
শেষ দিকে এসে গোলের জন্য আরো মরিয়া হয়ে ওঠে তারা। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় সফল হতে পারেনি। তবে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
শেষ দিকে এসে রোনান সুলিভানের ভাই ডেকলান সুলিভানেরও অভিষেক হয়। তবে তেমন কিছু করতে পারেননি।
বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর।



