গুলারের অসাধারণ গোলে এলচেকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ বস আরবেলোয়া যোগ করেন, সবাই অবাক হয়ে মাথায় হাত দিয়েছে, এমন গোল দেখার জন্য টিকিট কিনলেও সার্থক।

নয়া দিগন্ত অনলাইন

প্রায় ৭০ গজ দূর থেকে আর্দা গুলারের অসাধারণ গোলের সাথে ফেডে ভালভার্দের আরেকটি দারুণ শটে শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদ এলচেকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লস ব্ল্যাঙ্কোসরা লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নিয়ে এসেছে।

এদিকে তৃতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদ গেতাফের বিরুদ্ধে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে।

আবদেল আবকার লাল কার্ড পেলে গেতাফেকে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে ।

সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চমৎকার হ্যাটট্রিক করা উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে বিরতির আগে বলটি টপ কর্নারে পাঠান। তার আগে ৩৯ মিনিটে এন্টোনিও রুডিগার স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন।

আলভারো আরবেলোয়ার দলের হয়ে ৬৬ মিনিটে হেডের সাহায্যে তৃতীয় গোলটি করেন ডিন হুইসেন।

মঙ্গলবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যেম্যানচেস্টার সিটির মাঠে খেলতে যাবে।

গতকাল রাতের সেরা গোলটি করেন তুর্কি প্লেমেকার গুলার। ম্যাচের শেষ দিকে তিনি লক্ষ্য করেন এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো তার লাইনের বাইরে দাঁড়িয়ে আছেন, তখন তিনি প্রায় মাঝমাঠের কাছ থেকে বল জালে পাঠান।

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ বলেন, গুলার আগের এক ম্যাচে এখান থেকে শট নিয়ে বারে লাগিয়েছিল, আর আজ সে সফল হয়েছে- কী দারুণ গোল!

মাদ্রিদ বস আরবেলোয়া যোগ করেন, সবাই অবাক হয়ে মাথায় হাত দিয়েছে, এমন গোল দেখার জন্য টিকিট কিনলেও সার্থক।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে বিরতির পর আরবেলোয়া কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দেন, যার মধ্যে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও ভালভার্দে। তাদের পরিবর্তে তরুণ কয়েকজন খেলোয়াড়কে নামানো হয়।

রিয়াল মাদ্রিদ এখনো জুড বেলিংহামসহ কয়েকজন চোট পাওয়া তারকাকে ছাড়াই খেলছে, তবে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোট কাটিয়ে আগামী সপ্তাহে ফিরতে পারেন।

১৭তম স্থানে থাকা এলচে টানা ১১টি লিগ ম্যাচে জয়বিহীন রয়েছে। সপ্তাহ শেষে তারা রেলিগেশন জোনে নেমে যেতে পারে।

ম্যানচেস্টার সিটিকে হারানোর পর আত্মবিশ্বাসে ভরপুর ছিল মাদ্রিদ। শুরুতে এলচে কিছুটা প্রতিরোধ গড়লেও ধীরে ধীরে তা ভেঙে পড়ে।

দিতুরো ভালভার্দের ফ্রি-কিক ঠেকালেও ফিরতি বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি এলচে। সেই সুযোগে ৩৯ মিনিটে জার্মান ডিফেন্ডার রুডিগার জোরালো শটে গোল করেন।

বিরতির আগে ভালভার্দে ব্যবধান দ্বিগুণ করেন, বক্সের প্রান্তে জায়গা তৈরি করে বলটি টপ কর্নারে পাঠান। এটি ছিল তার শেষ তিন ম্যাচে পঞ্চম গোল।

মাদ্রিদ তখন ম্যাচের পুরো নিয়ন্ত্রণে ছিল। ক্লাবের সাবেক যুব কোচ আরবেলোয়া কয়েকজন তরুণ খেলোয়াড়কে নামান, যার মধ্যে ছিলেন ড্যানিয়েল ইয়ানেজ।

১৮ বছর বয়সী উইঙ্গার ইয়ানেজ দারুণ একটি ক্রস দেন, যেখান থেকে হুইসেন হেড করে তৃতীয় গোলটি করেন।

ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে মাদ্রিদের আরেক বদলি খেলোয়াড় মানুয়েল অ্যাঞ্জেল বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই পাঠিয়ে দেন।

ম্যাচের একেবারে শেষ মিনিটে গুলার নিজের অর্ধ থেকেই শট নিয়ে বলটি দিতুরোর মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে মাদ্রিদের ব্যবধান বাড়ান।

২৫ গজেরও বেশি দূর থেকে নাহুয়েল মোলিনার দুর্দান্ত শটে এ্যাথলেটিকো শীর্ষ দুই দলের সাথে ব্যবধান কমায়।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগে এ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে দল ঘুরিয়ে খেলালেও সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিতে সক্ষম হন।

এদিকে অন্য ম্যাচে রিয়াল ওভিয়েদো ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে বিরল এক জয় পেলেও এখনো টেবিলের তলানিতেই আছে। আর জিরোনা অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে।