বিশ্বকাপের টিকিটে আরো দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

ফিফা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের বিক্রয় ওয়েবসাইটে ‘ফ্রন্ট ক্যাটাগরি ২’ যুক্ত করেছে, যেখানে ওই ম্যাচের টিকিটের দাম ১৯৪০ থেকে ২৩৩০ ডলারের মধ্যে রাখা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফিফা
ফিফা |ইন্টারনেট

ফিফা এবারের বিশ্বকাপের জন্য নতুন ও আরো বেশি দামের টিকিট ক্যাটাগরি যুক্ত করেছে। প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ক্যাটাগরি ১-এর ‘ফ্রন্ট’ আসনের দাম সর্বোচ্চ ৪১০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ম্যাচটি ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইনগলউডে অনুষ্ঠিত হবে।

গত সপ্তাহে এই ম্যাচের জন্য ক্যাটাগরি ১ টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২৭৩৫ ডলার। পরে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামে নতুন উচ্চমূল্যের স্তর যুক্ত করা হয়।

এছাড়া ফিফা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের বিক্রয় ওয়েবসাইটে ‘ফ্রন্ট ক্যাটাগরি ২’ যুক্ত করেছে, যেখানে ওই ম্যাচের টিকিটের দাম ১৯৪০ থেকে ২৩৩০ ডলারের মধ্যে রাখা হয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হবে।

ফিফা আগে তাদের তথ্যে ক্যাটাগরি ১-কে ‘সবচেয়ে দামী আসন, যা মূলত নিচের সারিতে থাকে’ বলে উল্লেখ করেছিল। তবে ধারণা করা হচ্ছে, কিছু আসন ওই ক্যাটাগরির বাইরে রেখে নতুন দামের স্তরে যুক্ত করা হয়েছে।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টরন্টোতে কানাডার উদ্বোধনী ম্যাচে ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ টিকিটের দাম সর্বোচ্চ ৩৩৬০ ডলার নির্ধারণ করা হয়েছে।

রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলোর জন্য ফিলাডেলফিয়ায় ৯০৫ ডলারের টিকিটও এই স্তরে যুক্ত করা হয়েছে।

গত সপ্তাহে ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য বাড়িয়ে ১০৯৯০ ডলার করেছে, যা আগে ছিল ৮৬৮০ ডলার। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালে ক্যাটাগরি ২ টিকিটের দাম ৭৩৮০ ডলার (আগে ৫,৫৭৫) এবং ক্যাটাগরি ৩ টিকিট ৫৭৮৫ ডলার (আগে ৪,১৮৫) নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে ফাইনালের কোনো টিকিট পাওয়া যায়নি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বারবার বলেছেন, ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচেই দর্শক আসন পূর্ণ থাকবে। তবে উচ্চমূল্যের কারণে সমর্থকদের সমালোচনার পর ডিসেম্বর মাসে ‘সাপোর্টার্স-টায়ার’ নামে তুলনামূলক সাশ্রয়ী টিকিট ক্যাটাগরিও চালু করা হয়।