ম্যাড়মেড়ে ম্যাচের অন্তিম সময়ে গোল পেলো আর্সেনাল। উত্তেজনাহীন ম্যাচটা এরপর হয়ে উঠল খানিকটা প্রাণবন্ত। তবে আর গোল আসেনি, সেই গোলটাই গড়ে দিলো ম্যাচের ভাগ্য।
তাতেই লিগ কাপের ফাইনালে উঠল মিকেল আর্তেতার দল। প্রায় ৩৩ বছর পর শিরোপার ঘ্রাণ পাচ্ছে গানাররা। ফাইনালে ম্যানচেস্টার সিটি বা নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
এমিরেটস স্টেডিয়ামে সেমি ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে শিরোপার শেষ ধাপে উঠল আর্সেনাল।
১৯৮৭ সালের পর ১৯৯৩ সালে শেষবার লিগ কাপ জিতেছিল গানাররা। এবার তাদের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। এছাড়া পাঁচ বছর পর প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল আর্সেনাল।
সবশেষ তারা ফাইনাল খেলেছিল ২০২০ সালে এফএ কাপ। এবার সেই শিরোপা খরা কাটানোর খুব কাছে পৌঁছাল আর্সেনাল।
এদিকে এই নিয়ে আর্সেনালের বিপক্ষে টানা ১০ ম্যাচ জিততে পারলো না চেলসি। এই ম্যাচে অবশ্য ৯০ মিনিট পর্যন্ত গানারদের আটকে রেখেছিল তারা।
কিন্তু অবশেষে যোগ করা সময়ে ম্যাচের নিষ্পত্তি হয়। ডেকলান রাইসের পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন হাভার্টজ, যা ম্যাচের ভাগ্য গড়ে দেয়।



