ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। মোরবিহাঁ অঞ্চলের একটি ডার্বি ম্যাচ রীতিমতো যুদ্ধে পরিণত হয়। গোটা ম্যাচে দেখা মিলে ২৪টি লাল কার্ড।
সম্প্রতি ফুটবল ইতিহাসের ‘কলঙ্কজনক’ ঘটনাটি ঘটে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দ্য মোরঁ-এর ম্যাচে। ম্যাচটি অবশ্য স্বাভাবিকই ছিল, খেলা শেষ হয় ২-২ গোলে।
তবে শেষ বাঁশির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দু’দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে দ্রুত তা সংঘর্ষে রূপ নেয়। এক খেলোয়াড়ের বাবা এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠে।
ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ট-ফ্রান্স’ জানিয়েছে, খেলেয়াড়দের সংঘর্ষের মাঝে মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে উল্টা নিজেই সংঘর্ষে অংশ নেন।
এতে মারামারি ভয়াবহ আকার নেয় ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে রেফারি চরম সিদ্ধান্ত নেন।
ম্যাচে অংশ নেয়া ২৭ জন খেলোয়াড়ের মাঝে ২৪ জনকে একসাথে লাল কার্ড দেখান রেফারি। এর মাঝে গিলিয়ের দলের ১৩ জন ও মোরঁ দলের ১১ জন লাল কার্ড দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেফারির এমন সিদ্ধান্তেও সংঘর্ষ থামেনি। উল্টা কিছু ব্যক্তি এই সময়ে লাঠিও ব্যবহার করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে জানা গেছে সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে।


