আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরুর আগের দিন, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল।
শুক্রবার (৩ এপ্রিল) পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে শেষ পর্যায়ে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। ৬ জুন চিলির বিপক্ষে এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ভেন্যু এখনো ঘোষণা করেনি এফপিএফ। পর্তুগিজ গণমাধ্যমের খবর, ম্যাচটি পর্তুগালের শহর লেইরিয়াতে অনুষ্ঠিত হতে পারে। চিলির বিপক্ষে লিসবনের ওয়েইরাসে মাঠে নামবে পর্তুগাল।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সম্প্রতি দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল। গত শনিবার আসতেকা স্টেডিয়ামে মেক্সিকোর সাথে গোলশূন্য ড্র এবং গত মঙ্গলবার আটলান্টায় যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় পর্তুগাল।
ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি পর্তুগালের নিয়মিত অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
আগামী বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে রয়েছে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।



