ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ এক গোলে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার মাঠে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচটিতে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠায় ম্যাচটির আনন্দ অনেকাংশেই ম্লান হয়ে গেছে।
৫০তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে দারুণ কার্লিং শটে টপ কর্নারে বল জড়ান ভিনিসিয়াস। গোলের পর তার উদযাপন ঘিরে বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির সাথে কথা কাটাকাটি হয়। এরপর ভিনিসিয়াস ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়রের কাছে অভিযোগ জানান। রেফারি বর্ণবাদবিরোধী প্রটোকল চালু করে প্রায় ১০ মিনিটের বেশি সময় খেলা বন্ধ রাখেন।
মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়ান টিচুয়ামেনি জানান, ভিনিসিয়াস সতীর্থদের বলেছেন প্রেস্টিয়ান্নি তাকে ‘বানর’ বলে সম্বোধন করেছেন।
রিয়াল কোচ আলভারো আরবেলোয় বলেন, ‘ভিনি ভালো আছে, শান্ত আছে। যা হয়েছে, তা কেউই পছন্দ করে না। বেনফিকার খেলোয়াড় কী বলেছে, সেটা তাকেই জিজ্ঞেস করতে হবে। ফুটবল থেকে বর্ণবাদ দূর করতেই হবে।’
ম্যাচের শেষ দিকে তীব্র প্রতিবাদের জন্য বেনফিকা কোচ হোসে মরিনহো লাল কার্ড দেখেন। ফলে আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে তিনি ডাগআউটে থাকতে পারবেন না। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মরিনহো রিয়ালের কোচ ছিলেন।
লিসবনের এস্তাদিও দা লুজে এই জয়ে মাদ্রিদ দ্বিতায় লেগের আগে সামান্য সুবিধা পেল। লিগ পর্বে বেনফিকার কাছে ৪-২ গোলে নাটকীয় হারের প্রতিশোধও নেয়া হলো।
এই ম্যাচে জানুয়ারিতে জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হওয়া আরবেলোয়ার দল ছিল অনেক বেশি সংগঠিত। হাঁটুর অস্বস্তির কারণে আগের ম্যাচে না খেলা কিলিয়ান এমবাপ্পেও দলে ফেরেন।
প্রথমার্ধে ভিনিসিয়াস অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন। অন্যদিকে থিবো কুর্তোয়া ফ্রেডরিক আউরসনেসের দূরপাল্লার শট দারুণভাবে সেভ করেন। বিরতির আগে বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন এমবাপ্পে ও আরদা গুলেরকে রুখে দেন।
তবে ৫০ মিনিটে ভিনিসিয়াসের সেই দুর্দান্ত শটে কিছুই করার ছিল না ত্রুবিনের।
গোল উদযাপনের সময় দর্শকদের সামনে নাচার কারণে ভিনিসিয়াস হলুদ কার্ড দেখেন। এরপরই প্রেস্টিয়ান্নির সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রেস্টিয়ান্নি জার্সি মুখে টেনে কিছু বলেন বলে দেখা যায়। ভিনিসিয়াস রেফারিকে জানান, তাকে স্প্যানিশ শব্দ ‘মোনো’ (বানর) বলে ডাকা হয়েছে।
খেলা পুনরায় শুরু হলে বেনফিকা সমর্থকদের দুয়ো শুনতে হয় ভিনিসিয়াসকে। পরবর্তী সময়ে ত্রুবিন তিনবার তাকে গোল থেকে বঞ্চিত করেন।
৮৫ মিনিটে ভিনিসিয়াসের দ্বিতীয় হলুদ কার্ডের দাবি জানিয়ে জোরালো আপত্তি করায় মরিনহো লাল কার্ড দেখেন। ফলে সাবেক ক্লাবের বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগে তিনি সাইডলাইনে থাকতে পারবেন না।



