চলছে মহিমান্বিত রমজান মাস। বিশ্বের সকল মুসলিম ধর্মালম্বীদের মতো এই মাসে রোজা রাখছেন ফ্রান্সের ফুটবলাররাও। তবে তাদের লিগ ওয়াজের রীতি অনুযায়ী ধর্মীয় কোনো কারণে খেলা থামানোর সুযোগ নেই।
ফলে খেলা চলাকালীন নেই কোনো ইফতার বিরতি। তাই যথাসময়ে রোজা ভাঙতে পারেন না মুসলিম ফুটবলাররা। এমতাবস্থায় অভিনব পদ্ধতিতে তাদের পাশে দাঁড়ালেন এফসি নঁতে’র গোলরক্ষক অ্যান্থনি লোপেজ।
নিজে খ্রিষ্টান ধর্মাবলম্বী হলেও মুসলিম সতীর্থদের ইফতারের সুযোগ দিতে ইনজুরির ভান ধরে খেলা থামিয়ে দেন তিনি। তার এমন অভিনয় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
গত রোববার লিগ ওয়ানে এফসি নঁতে বনাম লে হাভরে এসি’র ম্যাচে এমন দৃশ্যের দেখা মেলে। দেখা যায়- ম্যাচের ৭৪তম মিনিটে ইফতারের সময় হয়ে যাওয়ায় লোপেজ বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন।
এতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে ও খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। সংক্ষিপ্ত বিরতি পেয়ে নঁতের একাধিক মুসলিম ফুটবলার টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে ইফতার সেরে নেন।
ইফতার শেষ হলে অল্প সময় পরই নঁতের এই পর্তুগিজ গোলরক্ষক উঠে দাঁড়ান ও কোনো দৃশ্যমান অস্বস্তি ছাড়াই খেলা চালিয়ে যান। ততক্ষণে খেলায় ফেরেন মুসলিম ফুটবলাররাও।
ফরাসী ফুটবলে ইফতার বিরতি না থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ দিতে রেফারিরা স্বল্প সময়ের বিরতি দিয়ে থাকেন।



