সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল

টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের

মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ |সংগৃহীত

শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ। ‘অনড়’ তাদের সিংহাসন। সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল লাল-সবুজের দল। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন তারা।

শুক্রবার (৩ এপ্রিল) ফাইনালে বেশ লড়াই হয়েছে। বাংলাদেশ-ভারতের কেউ ছেড়ে কথা বলেনি। নির্ধারিত সময় পেরিয়ে শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে ভারতকে হারায় লাল-সবুজের দল।

ফুটবলের যেকোনো ফাইনালে ভারতকে এবারই প্রথমবার হারের স্বাদ দিলো লাল-সবুজের দল। এর আগে ২০১৯ অনূর্ধ্ব-১৮, ২০২২ অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হলেও জেতা হয়নি।

মালদ্বীপের মালে অনুষ্ঠিত ফাইনালে দুই দলের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপর সরাসরি চলে যায় টাইব্রেকারে। সেখানেই ভারতকে হারিয়ে উদযাপনে মাতে বাংলাদেশ।

৯০ মিনিটের খেলায় প্রথম দিকে আক্রমণে আধিপত্য ছিল বাংলাদেশেরই। পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে লাল-সবুজের দল। তবে সুযোগ থেকে ফলাফল আসেনি।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। যদিও তাতে বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি তারা। এমতাবস্থায় কেউ পায়নি গোলের দেখা।

টাইব্রেকারে ভারতের ঋষি সিংয়ের প্রথম শট ডান দিকে ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এরপর লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আরবাস, স্যামসন ও বিশাল যাদব।

অন্যদিকে বাংলাদেশের হয়ে জালের দেখা পান মুর্শেদ আলি, চন্দন রায়, আব্দুল রিয়াদ ফাহিম। কিন্তু চতুর্থ শট নিতে এসে মনযোগ হারিয়ে বসেন স্যামুয়েল রাকসাম। তার শট ক্রসবার কাঁপিয়ে ফিরে।

প্রথম চার শট শেষে স্কোর যখন ৩-৩ সমতায়, তখন পঞ্চম শট নিতে এসে ভারতের ওমং দোদুম মারলেন বাইরে। বাংলাদেশ তখন তাকিয়ে রোনান সুলিভানের দিকে।

ভুল করেননি সুলিভান। নিখুঁত ‘পানেনকা’ শটে লক্ষ্যভেদ করেন তিনি। আর তাতেই জয়ের উচ্ছ্বাসে বাঁধনহারা উৎসবে মেতে উঠে বাংলাদেশ। ৪-৩ গোলে ম্যাচ জেতার পাশাপাশি জিতে যায় শিরোপা।

উল্লেখ্য, বয়সভিত্তিক প্রতিযোগিতায় এখন পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মোট সাতবার। এর মধ্যে চারবার সেরা হয়েছে ভারত। নেপাল ও বাংলাদেশ শিরোপা জিতেছে দুইবার করে।