এমন একটা দিনের অপেক্ষায় ছিল রিয়াল মাদ্রিদ, এমন দিনটা আসতেই হতো লস ব্লাঙ্কোজদের। অন্যথায় চ্যাম্পিয়নস লিগে শিরোপা পুনরুদ্ধার কঠিন হয়ে যেত বেশ।
শেষ ষোলোর প্রথম লেগে ম্যানসিটিকে ভড়কে দিয়েছে রিয়াল। ঘরের মাঠে বুধবার রাতে ফেদেরিকো ভালভের্দের হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকেরা।
ব্যবধান আরেকটু বড় হতে পারতো, কিন্তু পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি ভিনিসিউস জুনিয়র। তবে এমন জয়ের পর সেই হতাশা খুব একটা মনে পড়ার কথা না।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে দাপুটে ফুটবলে সফরকারীদের তটস্থ করে রাখে রিয়াল। যার নেপথ্যে রিয়ালের অধিনায়ক ফেদে ভালভের্দে।
ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকটা ভালভের্দে তুলে নেন প্রথমার্ধেই। যার শুরুটা ২০তম মিনিটে, থিবো কোর্তোয়া লম্বা করে বল বাড়ালে সিটির সীমানায় পেয়ে যান ভালভের্দে।
সেই বল নিয়ে জালের দিকে এগিয়ে গেলে বিপদ বুঝে সিটি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা এগিয়ে আসেন। তবে তাতে কাজ হয়নি, দারুণ শটে বল জালে জড়ান ভালভের্দে।
এবারের চ্যাম্পিয়নস লিগে যা ছিল রিয়াল অধিনায়কের প্রথম গোল। তবে দ্বিতীয় গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। ৭ মিনিট পরই আবারো জালের দেখা পান ভালভের্দে।
এবার ভিনিসিয়ুসের বাড়ানো বল রুবেন দিয়াজের পায়ে লেগে ভালভের্দের সামনে চলে আসলে, তা নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে আবারো কোনাকুনি শটে বল জালে পাঠান।
আর ৪২ মিনিটে ভালভের্দে পেয়ে যান হ্যাটট্রিক গোলটাও। ব্রাহিম দিয়াজের হাওয়ায় ভাসানো বল দারুণ এক ভলিতে জড়ান জালে। রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে মাত্র ৩টি গোল ছিল ভালভের্দের। আর চ্যাম্পিয়নস লিগে আগের ৭৫ ম্যাচে গোল সংখ্যা ছিল ৩। তাই এই হ্যাটট্রিকটা তার জন্য অনন্য।
ভালভের্দে ছাড়া রিয়ালের হয়ে জালের দেখা পাননি আর কেউ। ৫৬তম মিনিটে অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস, তবে তার নেয়া স্পটকিক রুখে দেন দোন্নারুমা।
অন্যদিকে ম্যানসিটিও জালের দেখা পায়নি। ফলে ৩ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে রিয়াল। কোয়ার্টাল ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় লেগ আগামী মঙ্গলবার সিটির মাঠে।



