হার দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ বাংলাদেশের

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (৩১ মার্চ) স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে ফল পক্ষে আসেনি, সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে হেরে গেছে দল।

নয়া দিগন্ত অনলাইন
সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ
সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ |সংগৃহীত

শেষটা রাঙাতে পারল না বাংলাদেশ। হার দিয়েই ইতি টানতে হলো এবারের এশিয়ান কাপ বাছাইয়ের। সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে গেছে হাভিয়ার কাবরেরার দল।

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (৩১ মার্চ) স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে ফল পক্ষে আসেনি, সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে হেরে গেছে দল।

সি’ গ্রুপের শীর্ষে থেক মূল পর্বে জায়গা করে নেয়া সিঙ্গাপুর ১৪ পয়েন্ট নিয়ে শেষ করল বাছাই। আর ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে আপাতত তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।

দু’টি পরিবর্তন এনে সিঙ্গাপুর ম্যাচের একাদশ সাজান কাবরেরা। ভিয়েতনামের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচে পোস্ট সামলানো মেহেদী হাসান শ্রাবণের জায়গায় ফিরেন নিয়মিত গোলকিপার মিতুল মারমা।

আক্রমণভাগে মিরাজুল ইসলামের বদলে সুযোগ পান শেখ মোরসালিন। ভিয়েতনাম ম্যাচের মতো এ ম্যাচেও সেরা একাদশে ঠাঁই মেলেনি জামাল ভূঁইয়ার; বাকি সময়েও খেলার সুযোগ মেলেনি তার।

তবে ছিলেন হামজা চৌধুরী, সামিত সোমরা। তবে ম্যাচে কোনো ব্যবধান গড়ে দিতে পারেননি তারা। খুব কাছে গিয়েও বারবার হতাশ করেছেন তারা। ব্যর্থ ছিলেন ফাহমিদুল, জায়ানরাও।

সপ্তম মিনিটে মিনিটে ডান দিক থেকে ফাহামিদুলের বাড়ানো ক্রস ফয়সাল আহমেদ ফাহিমের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন হ্যারিস স্টুয়ার্ট। পঞ্চদশ মিনিটে সাদউদ্দিনের ক্রসে শোমিত সোম হেড করলেও পোস্টের অনেক বাইরে দিয়ে যায়।

২০তম মিনিটে ইখসান ফান্দির জোরাল শট আটকান মিতুল। একটু পর রিহান স্টুয়ার্টের ক্রসও ফিরিয়ে দেন এই গোলকিপার। আর ২৪ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

বাংলাদেশ পিছিয়ে পড়ে ৩১তম মিনিটে। গ্লেইন কিউইর শট মিতুল ঝাঁপিয়ে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। বল ইখসানের পা হয়ে বল চলে যায় হ্যারিসের কাছে, নিখুঁত শটে মিতুলকে পরাস্ত করেন তিনি।

কিছুক্ষণ পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। ৩৯ মিনিটে মোরসালিনের শট বাহার উদ্দিন ব্লক করার পর সুযোগ আসে ফাহিমের সামনে, কিন্তু তিনি শট নেয়ার আগেই বাহার উদ্দিনের গায়ে লেগে পড়ে যান।

বাংলাদেশ পেনাল্টির আবেদন করলেও সাড়া মেলেনি। একটু পর হামজার ফ্রি কিক হেডে ফেরান এক ডিফেন্ডার, সাদউদ্দিনের শটও যায় পোস্টের বাইরে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধেও স্কোরবোর্ডে পরিবর্তন আসেনি। বাংলাদেশ আরো একটা সুযোগ পায় ৭৯তম মিনিটে। হামজার ক্রসে মিরাজুলের প্লেসিং শট পোস্ট কাঁপিয়ে ফিরলে হতাশা বাড়ে। এরপর আর তেমন সুযোগই মেলেনি।

অন্যদিকে সিঙ্গাপুরও পারেনি আর খুঁজে নিতে। ফলে প্রথমার্ধে পাওয়া তাদের একমাত্র গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। বাংলাদেশ ১-০ গোলে হেরে এশিয়ান কাপ শেষ করে।