জাতীয় ফুটবল দলের সাথে যোগ দিতে অপেক্ষা বাড়ছে হামজা চৌধুরীর। কথা থাকলেও আজ ভিয়েতনাম যাওয়া হচ্ছে না তার। দুইদিন পিছিয়ে আগামী ২৪ মার্চ দলে যোগ দেবেন এই তারকা।
আগামী ২৬ মার্চ প্রীতি ম্যাচকে সামনে রেখে শনিবার (২১ মার্চ) ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২২ সদস্যের স্কোয়াডের সাথে আজ (রোববার) যোগ দেয়ার কথা ছিল হামজার।
তবে নতুন খবর হচ্ছে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। হামজার যোগ দেয়ার সময় এখন দু’দিন পিছিয়ে ২৪ মার্চ পুননির্ধারণ করা হয়েছে।
গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানিয়েছিলেন, ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনাম পৌঁছাবেন হামজা।
ফেডারেশনও এই সময়ের মধ্যে একই তথ্য দেয়। সেই আলোকে হোটেল রুম ও অন্যান্য ব্যবস্থা রেখেছিল বাফুফে। মূলত তার ক্লাব লেস্টার সিটির আপত্তির কারণেই দুইদিন পর আসছেন হামজা।
নতুন শিডিউল অনুযায়ী আগামী ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন হামজা। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছাবেন তিনি।
হামজা ২৪ মার্চ বিকেলে এসে অনুশীলন করতে পারবেন না। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগের দিনই (২৫ মার্চ) শুধু অনুশীলনের সুযোগ পাবেন তিনি।
ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলার পর আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।



