ইংল্যান্ডের সাথে চুক্তি নবায়ন করলেন থমাস টাচেল

সাবেক পিএসজি ও চেলসি কোচ টাচেল বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডকে টানা আট ম্যাচে আট জয় এনে দেন। চূড়ান্ত পর্বে তাদের গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

নয়া দিগন্ত অনলাইন
থমাস টাচেল
থমাস টাচেল |সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় দলের ম্যানেজার হিসেবে ইউরো ২০২৮ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছেন থমাস টাচেল। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

জার্মান এই কোচ প্রথমে ২০২৫ সালের জানুয়ারিতে ১৮ মাসের চুক্তি করেন, যার মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কার্যকর রয়েছে।

বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, টাচেল বলেছেন, এ পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। এটি কারো কাছে গোপন নয়। এই দায়িত্ব চালিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত।

ব্রিটিশ গণমাধ্যম জানায়, ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে তিনি বিরল সুযোগ হিসেবে দেখছেন। এজন্য জাতীয় দলকে আরো দুই বছর সময় দিতে প্রস্তুত আছেন।

২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

বিশ্বকাপের আগে টাচেলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা এড়াতে এবং ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী এফএ।

এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বলেন, টাচেলে চুক্তি বাড়ানোর লক্ষ্য সম্ভাব্য বিভ্রান্তি দূর করা।

তিনি বলেন, আমরা জানি খেলোয়াড়রা তার পাশে আছে এবং দলের ভেতরে ঐক্য সবার চোখে পড়ার মতো। ২০২৮ পর্যন্ত আগেভাগে চুক্তি নিশ্চিত করে আমরা টুর্নামেন্ট চলাকালে চুক্তি নিয়ে সম্ভাব্য আলোচনা বা বিভ্রান্তির সুযোগ দূর করেছি।

৫২ বছর বয়সী টাচেলের নাম ম্যানচেস্টার ইউনাইটেডের সাথেও জড়িয়েছিল, যেখানে মৌসুম শেষ পর্যন্ত মাইকেল ক্যারিক অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবেক পিএসজি ও চেলসি কোচ টাচেল বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডকে টানা আট ম্যাচে আট জয় এনে দেন। চূড়ান্ত পর্বে তাদের গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।