বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে এ মাসের শেষে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচের জন্য স্প্যানিশ কোচ ডি লা ফুয়েন্তে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে রয়েছেন চার নতুন মুখ। ইন-ফর্ম বার্সেলোনা গোলরক্ষক হুয়ান গার্সিয়া যার মধ্যে অন্যতম।
ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা আগামী ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার মুখোমুখি হবে। চার দিন পর খেলবে মিসরের বিপক্ষে। মধ্যপ্রাচ্য সঙ্ঘাতের কারণে আর্জেন্টিনার সাথে ফিনালিসিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি আয়োজন করা হয়েছে। একই কারণে মিসরের বিপক্ষে ম্যাচটি কাতার থেকে সরিয়ে বার্সেলোনায় নেয়া হয়েছে।
এস্পানেয়ল থেকে বার্সেলোনায় যোগ দেবার পর এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৫টি ম্যাচ খেলেছেন গার্সিয়া। সপ্তাহের শুরুতে কিছুটা ইনজুরি সমস্যা দেখা দিয়েছিল। যে কারণে নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৭-২ গোলে জয়ের ম্যাচটিতে তার স্থানে ওজিচে সিজিসনিকে খেলানো হয়।
এবারের দলে উনাই সাইমন, ডেভিড রায়া ও এ্যালেক্স রেমিরোর সাথে গোলরক্ষক হিসেবে গার্সিয়াকে দলে ডেকেছেন ডি লা ফুয়েন্তে।
এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্সেনাল ডিফেন্ডার ক্রিস্টিয়ান মসকুয়েরা, রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড এ্যান্ডার বারেনেক্সটে ও ওসাসুনার ভিক্টর মুনোজ।
ইনজুরির কারণে এখনো অনুপস্থিত রয়েছে উইঙ্গার নিকো উইলিয়ামস। হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে বার্সেলোনার হয়ে একটিমাত্র ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা গাভিও দলের বাইরে রয়েছেন।
এবারের বিশ্বকাপে অন্যতম টপ ফেবারিট হিসেবে মাঠে নামবে স্পেন। গ্রুপ-এইচ’এ তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব।
স্কোয়াড
গোলরক্ষক : উনাই সাইমন, ডেভিড রায়া, এ্যালেক্স রেমিরো, হুয়ান গার্সিয়া
ডিফেন্ডার : মার্কোস লোরেন্তে, পেড্রো পোরো, অমারিক লাপোর্তে, পও কুবারসি, ডিন হুইসেন, ক্রিস্টিয়ান মতকুয়ো, মার্ক কুকুরেলা, আলেহান্দ্রো গ্রিমাল্ডো
মিডফিল্ডার : রড্রি, মার্টিন জুবিমেন্ডি, পেড্রি, পাবলো ফোরনালস, কার্লোস সোলার, ডানি ওলমো, ফারমিন লোপেজ
ফরোয়ার্ড : ইয়েরমি পিনো, এ্যালেক্স বায়েনা, এ্যান্ডার বারেনেক্সটি, ভিক্টর মুনোজ, মিকেল ওয়ারজাবাল, ফেরান তোরেস, লামিন ইয়ামাল।



