আগের ম্যাচে ফ্রান্সের কাছে হারের হতাশা কাটিয়ে উঠল ব্রাজিল। পেল স্বস্তির জয়। বুধবার সকালে ক্রোয়েশিয়াকে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা।
ম্যাচের প্রথম থেকেই দু’দলের খেলোয়াড়দের মেজাজ ছিল আক্রমণাত্মক। ম্যাচের শুরুতে ছিল ফাউলের ছড়াছড়ি। প্রথম ১১ মিনিটে হয় ১১টি ফাউল।
তবে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল ব্রাজিলের। আক্রমণের ধারা বজায় রাখা দলটি ম্যাচের প্রথম গোল পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। গোল করেন দানিলো।
পায়ের কারিকুরি ও গতিতে ক্রোয়েশিয়ার তিনজনকে এড়িয়ে চমৎকার কাট ব্যাকে ভিনিসিউস জুনিয়র খুঁজে নেন দানিলোকে। বাকি কাজটা অনায়াসেই সারেন দানিলো।
১-০ গোলে পিছিয়ে বিরতি থেকে ফেরার পর ঘুরে দাঁড়ায় ক্রোয়াটরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিলকে বেশ চেপে ধরে ক্রোয়েশিয়া। যার সুফল মেলে ৮৪ মিনিটে।
তিনি ফ্রুকের পাস থেকে ক্রোয়েশিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন লাভরো মেজর। ক্রোয়াটদের উচ্ছ্বাস অবশ্য বেশিক্ষণ টেকেনি। দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল।
৪ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে আবারো এগিয়ে দেন ইগর থিয়াগো। ডি বক্সে এন্দ্রিককে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল।
আর যোগ করা সময়ে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। প্রতি আক্রমণে এন্দ্রিকের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন তিনি।
৫ মিনিটে ২ গোল করে সব অনিশ্চয়তা দূর করে দেয় ব্রাজিল। স্বস্তির জয়ে মাঠ ছাড়েন আনচেলত্তি শিষ্যরা।



