রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন, করেছেন জোড়া গোল

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরেই জোড়া গোল করে আল নাসরের ৫-২ জয়ে বড় প্রত্যাবর্তন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যা তাকে সৌদি প্রো লিগে শততম ম্যাচে স্মরণীয় অর্জন এনে দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো |সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরিতে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর আবারো মাঠে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফেরাটাও হয়েছে রাজকীয়ভাবে। করেছেন জোড়া গোল।

রোনালদোর জোড়া গোলে শনিবার আওয়াল পার্কে আল নাজমার বিপক্ষে ৫-২ গোলের জয় পায় আল নাসের। এই জয়ে প্রো লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করলো থাকা আল নাসর।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে ৬ পয়েন্টে এগিয়ে গেছে তারা। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেয়ার পর এটি হতে পারে রোনালদোর প্রথম বড় শিরোপা জয়ের সুযোগ।

অবশ্য প্রথমে এগিয়ে যায় আল নাজমাই। রাকান আল তুলাহির গোলে লিড নেয় তারা। তবে সেই লিড এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। দ্রুতই ম্যাচে ফেরে আল নাসর।

বিরতির আগে আবদুল্লাহ আল হামদান ও সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ম্যাচে সমতা আনে আল নাজমা।

৪৮ মিনিটে ফিলিপে কার্দোসোর গোলে ২-২ সমতায় ফেরে তারা। তবে এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন রোনালদো। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।

পর্তুগিজ সুপারস্টার এরপর ৭৩ মিনিটে বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। এই জোড়া গোলেই সৌদি প্রো লিগে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রাখেন রোনালদো।

একইসাথে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯৬৭-এ। প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ৩৩টি গোল।

এদিকে এবারের মৌসুমে সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ২৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে আছেন রোনালদো। শীর্ষে আছেন আল আহলির ইভান টনি (২৫ গোল)।

সব মিলিয়ে সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১০০ ম্যাচে রোনালদোর গোল ৯৭টি এবং অ্যাসিস্ট ১৮টি।

রোনালদোর মতোই ম্যাচে জোড়া গোল করেন আল নাসরের সাদিও মানে। শেষদিকে তার দ্বিতীয় গোলেই ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত করে আল নাসর।