মেসিকে প্রাপ্য সম্মান দেয়নি পিএসজি : এমবাপ্পে

মেসির সাথে খেলাটা মিস করি। স্ট্রাইকার হিসেবে আমি সব সময়ই স্পেস নিয়ে খেলি। এটা তখনই উপভোগ্য হয় যখন আপনার দলে একজন মেসি থাকবে। সে সব সময় নিখুঁত জায়গায় বল পাঠিয়ে দেয়। তবে দুঃখজনক হলেও সত্যি, এতকিছুর পরও পিএসজি তাকে প্রাপ্য সম্মান দেয়নি

নয়া দিগন্ত অনলাইন
লিওনেল মেসি ও  কিলিয়ান এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে |ইন্টারনেট

পিএসজির জার্সি গায়ে মেসি- দৃশ্যটা এখন শুধুই স্মৃতি! বছর তিনেক আগেই ফরাসী ফুটবল ছেড়ে গেছেন তিনি, যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেখানে কাটাচ্ছেন দারুণ সময়!

তবে ফরাসি ফুটবলে লিওনেল মেসির পথচলাটা সুখকর ছিল না। দুই বছরের মেয়াদকালে সম্পর্কে সৃষ্টি হয় বেশ তিক্ততা, ভর করেছিল বিষন্নতা। শুনতে হয়েছে দুয়োও।

সে সব এখন অতীত হলেও সম্প্রতি মেসিকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পিএসজির আরেক সাবেক ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার মতে পিএসজিতে প্রাপ্য সম্মানটা পাননি মেসি।

ক্লাবের হয়ে যথেষ্ট অবদান রাখার পরও পিএসজি মেসিকে যথেষ্ট সম্মান দেখায়নি বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমি মেসির সাথে খেলাটা মিস করি। স্ট্রাইকার হিসেবে আমি সব সময়ই স্পেস নিয়ে খেলি। এটা তখনই উপভোগ্য হয় যখন আপনার দলে একজন মেসি থাকবে। সে সব সময় নিখুঁত জায়গায় বল পাঠিয়ে দেয়। তবে দুঃখজনক হলেও সত্যি, এতকিছুর পরও পিএসজি তাকে প্রাপ্য সম্মান দেয়নি।’

সম্প্রতি এক পডকাস্টে মেসিকে নিয়ে এমন অনেক জানা-অজানা কথা বলেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। পাশাপাশি মেসিকে অসাধারণ এক ফুটবলার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

এমবাপ্পে মেসিকে বর্ণনা করতে একটি উদাহরণও সামনে রাখেন। বলেন, ‘একটা ঘটনা বলি, প্যারিসে আমরা ফিনিশিং ড্রিল করছিলাম। নেইমার ও আমি ১০টির মধ্যে ৬ বা ৭টি করে গোল করছিলাম। কিন্তু সে ৯টা শট নিয়ে ৯টাতেই গোল করল, একদম একইভাবে, সবগুলো নিখুঁত জায়গায়। আমি তখন গোলকিপারের দিকে তাকিয়ে ছিলাম। বলেছি এটা সত্যিই অসম্ভব।’