ইনজুরির বাড়তি তালিকা নিয়ে উদ্বিগ্ন আর্তেতা

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে এবং লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। তবে ক্রমাগত চোটের সমস্যা উদ্বেগজনক হয়ে উঠছে বলে স্বীকার করেন আর্তেতা।

নয়া দিগন্ত অনলাইন
আর্সেনালের কোচ মিকেল আর্তেতা
আর্সেনালের কোচ মিকেল আর্তেতা |ইন্টারনেট

কোচ মিকেল আর্তেতা আশঙ্কা করছেন, আর্সেনালের ক্রমবর্ধমান চোটের তালিকা তাদের চারটি শিরোপা জয়ের লক্ষ্যে বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

রোববার এমিরেটস স্টেডিয়ামে উইগান অ্যাথলেটিককে ৪-০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে জায়গা নিশ্চিত করে আর্তেতার দল।

কিন্তু লিগ ওয়ানের দলটিকে একতরফাভাবে হারালেও ম্যাচটি ম্লান হয়ে যায় রিকার্ডো ক্যালাফিওরি ও বেন হোয়াইটের চোটে।

ইতালিয়ান ডিফেন্ডার ক্যালাফিওরি ম্যাচের আগে ওয়ার্ম-আপে চোট পেয়ে খেলতে পারেননি, আর রাইট-ব্যাক হোয়াইট দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন।

আর্সেনালের ১-১ গোলে ড্র ব্রেন্টফোর্ড ম্যাচে আঘাত পাওয়ায় অধিনায়ক মার্টিন ওডেগার্ড এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলেননি।

জার্মান ফরোয়ার্ড কেই হাভার্টজ অন্তত মাসের বাকি সময় মাঠের বাইরে থাকবেন এবং স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো পায়ের অস্ত্রোপচারের পর পুরো মৌসুমেই অনুপস্থিত থাকতে পারেন।

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে এবং লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। তবে ক্রমাগত চোটের সমস্যা উদ্বেগজনক হয়ে উঠছে বলে স্বীকার করেন আর্তেতা।

তিনি বলেন, ‘হ্যাঁ। আগে স্ট্রাইকাররা চোটে ছিল, তারপর ডিফেন্ডাররা, আর এখন মিডফিল্ডাররা। আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি। কিন্তু শুধু সংখ্যার জন্য নয়, প্রতিপক্ষ অনুযায়ী ভিন্ন বিকল্পের জন্যও কিছু খেলোয়াড়কে দ্রুত ফিট হয়ে ফিরে আসতে হবে।’

প্রিমিয়ার লিগে চার পয়েন্টে এগিয়ে থাকা আর্সেনাল বুধবার তলানির দল উল্ফসের মাঠে খেলবে। এরপর আগামী সপ্তাহান্তে টটেনহ্যামের মাঠে নর্থ লন্ডন ডার্বি অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস