যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ বয়কটের পথে ইরান

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের বর্তমান পরিস্থিতি নিয়ে ফিফা শনিবার জানিয়েছে, তারা ওই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরান ফুটবল দল
ইরান ফুটবল দল |সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসন্ন ফিফা বিশ্বকাপ বয়কট করতে পারে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকস্মিক বোমাবর্ষণের পর জাতীয় দল যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবে কি না, তা তিনি নিশ্চিত নন।

তিনি বলেন, এই হামলার পর বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়ার বিষয়ে আমাদের কাছ থেকে আশা করা যায় না।

ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ক্রীড়া বিষয়ক পোর্টাল ভারজেশ৩-কে একথা বলেন।

রোববার দ্বিতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা অব্যাহত থাকে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি বেড়েছে।

ইরান বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে। সূচি অনুযায়ী- ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইরান। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইরানের।

এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রথম দফাতেই ইরানের সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের বর্তমান পরিস্থিতি নিয়ে ফিফা শনিবার জানিয়েছে, তারা ওই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।