তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ড্র বাংলাদেশের

দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই। শনিবার ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াই।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচের একটি দৃশ্য
ম্যাচের একটি দৃশ্য |সংগৃহীত

অনূর্ধ্ব-২০ সাফ চাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। তবে ফলাফল ছাপিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে মাঠের লড়াই।

দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই। শনিবার ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াই। যেখানে শেষ হাসি ভারতের। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠল বাংলাদেশ।

শনিবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর মাত্র ১৬ মিনিটে কর্নার থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ।

এরপর আক্রমণের গতি বাড়ায় যুবারা। তৈরি করে বেশ কিছু সুযোগ। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় হতাশ হতে হয় বারবার। অবশেষে অপেক্ষা ফুরায় প্রথমার্ধের যোগ করা সময়ে।

যোগ করা সময়ের ১০ মিনিটে রোনান সুলিভানের দুর্দান্ত কর্নার থেকে পাওয়া বলে নিখুঁত হেড করে বাংলাদেশকে সমতায় ফেরায় আব্দুল রিয়াদ। ১-১ গোল নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ ও ভারত।

দ্বিতীয়ার্ধে আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। তবে গোলপোস্টের নিচে দুর্গ হয়ে দাঁড়িয়ে ছিলেন ভারতের অধিনায়ক সুরাজ সিং। বাংলাদেশকে জয়সূচক গোল পাওয়া থেকে বিরত রাখেন তিনিই।

বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেনও একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন, বিশেষ করে ৬৩তম মিনিটে ভারতের নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করেন তিনি।

এর মাঝেই ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে পৌঁছে যায়। যোগ করা সময়ের শেষ ভাগে এক ফাউলকে কেন্দ্র করে মাঠের বাইরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন দু’দলের কোচিং স্টাফরা।

এ সময় ভারতের হেড কোচ মহেশ গাউলি হলুদ কার্ড দেখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বাংলাদেশের কোচিং স্টাফ ও ভারতের টিম ম্যানেজমেন্টের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যার ফলে ম্যাচে জোড়া লাল কার্ড দেখান রেফারি।

এমন উত্তেজনার মাঝেই ১-১ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। এই ফলাফলে গ্রুপে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট দাঁড়ায় সমান চার করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত।।

আর রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ফলে সেমিফাইনালে তারা মুখোমুখি হবে নেপালের, যারা নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছে।

অন্য সেমিফাইনালে ভারত খেলবে ভুটানের বিপক্ষে। দুই সেমিফাইনালই মাঠে গড়াবে আগামী ১ এপ্রিল।