বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রেই যেতে হবে ইরানের

নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচই অনুষ্ঠিত হবে। ইরানের ম্যাচ মেক্সিকোয় সরানোর আর কোনো সুযোগ নেই।

নয়া দিগন্ত অনলাইন
ইরান ফুটবল দল
ইরান ফুটবল দল |ইন্টারনেট

ইরানের দাবি মানছে না ফিফা। কথা বলছে উল্টো সুরে। বিকল্প ভেন্যু নয়, বিশ্বকাপে খেলতে হলে ইরানকে যুক্তরাষ্ট্রে গিয়েই খেলতে হবে।

এর আগে, যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো মেক্সিকোয় সরানোর অনুরোধ করেছিল ইরান।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচই অনুষ্ঠিত হবে। ইরানের ম্যাচ মেক্সিকোয় সরানোর আর কোনো সুযোগ নেই।

শুক্রবার মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, ‘ফিফা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে ম্যাচগুলো নির্ধারিত ভেন্যু থেকে সরানো যাবে না। এটি করলে লজিস্টিক জটিলতা তৈরি হবে।’

এর আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও স্পষ্ট করে বলেছেন, ‘ড্র অনুযায়ী ম্যাচগুলো নির্ধারিত ভেন্যুতেই হবে। ইরান বিশ্বকাপে অংশ নেবে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে হামলা চালায়। দুই দেশের এমন সঙ্ঘাতের প্রভাব পড়েছে ফুটবলে।

এর মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে মন্তব্য করেন যে ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেয়া, ‘নিরাপদ নাও হতে পারে।’ এমতাবস্থায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইরান ফুটবল।

এফএফআইআরআই সভাপতি মেহদি তাজ বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে যাবে না। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইরানের ভেন্যুতে আয়োজনের দাবি জানানো হয়। তবে হয়তো তা আর হচ্ছে না।