অধিনায়ক কানের সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ডর্টমুন্ড

‘আমার লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে দলে ফেরা। সতীর্থদের সাথে একত্রে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।’

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

এসিএল ইনজুরি নিয়ে ধুঁকতে থাকা অধিনায়ক এমরে কানের সাথে আরো এক মৌসুমের জন্য চুক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত জার্মান জায়ান্টদের সাথেই থাকছেন কান।

ফেব্রুয়ারিতে বায়ার্ন মিউনিখের কাছে ঘরের মাঠে ৩-২ গোলে পরাজয়ের ম্যাচটিতে কান হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েন। ইনজুরির মাত্রা এতটাই গুরুতর যে এই মৌসুমে তার আর মাঠে নামা হচ্ছে না। কিন্তু ডর্টমুন্ড দলীয় অধিনায়কের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। তারই ফলশ্রুতিতে নতুন করে আরো এক বছরের চুক্তি করতে যাচ্ছে ক্লাবটি।

অথচ ৩২ বছর বয়সী কানের আসন্ন গ্রীষ্মে ক্লাব ছেড়ে অন্যত্র চলে যাবার কথা ছিল। কিন্তু ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর লারস রিকেন জানিয়েছেন যথাযথ পরীক্ষা নিরীক্ষর পর সবকিছু স্পষ্ট হলে কানের সাথে চুক্তি নবায়নের বিষয়টি চূড়ান্ত করবে ক্লাব কর্তৃপক্ষ। রিকেন এক বিবৃতিতে বলেছেন, ‘কান দলের একজন রোল মডেল ও লিডার। গুরুতর ইনজুরিতে পড়ার পর আমরা তাকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন কান তার পুনর্বাসনের ওপর পরিপূর্ণ ভাবে মনোযোগী হতে পারবে। একইসাথে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরে আসার আগে এক ধরনের মানসিক স্বস্তিও পাবে।’

২০২০ সালে জুভেন্টাস থেকে ডর্টমুন্ডে এসেছিলেন কান। আগামী মৌসুমে ডর্টমুন্ডের হয়ে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে লম্বা মৌসুম খেলার নতুন রেকর্ড গড়বেন কান।

এ সম্পর্কে কান বলেন, ‘আমার লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে দলে ফেরা। সতীর্থদের সাথে একত্রে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।’