ভিনিসিয়াসের সাথে বর্ণবাদী আচরণের শাস্তির দাবি ব্রাজিলের

ভিনিসিয়াস জুনিয়রকে ‘বানর’ বলে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ফিফা ও উয়েফার কাছে গিয়ানলুকা প্রেস্টিয়ান্নির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অভিযোগ অস্বীকার করা হলেও উয়েফা তদন্ত শুরু করেছে; দোষী প্রমাণিত হলে অভিযুক্ত খেলোয়াড় সর্বোচ্চ ১০ ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে পারেন।

নয়া দিগন্ত অনলাইন
ভিনিসিয়ান জুনিয়র
ভিনিসিয়ান জুনিয়র |সংগৃহীত

গত মঙ্গলবার বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ান জুনিয়রের সাথে বর্ণবাদী আচরণের জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ফিফা ও উয়েফার কাাছে অনুরোধ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ভিনিসিয়াস অভিযোগ করেন, গোল করার পর বেনফিকার খেলোয়াড় গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি তাকে ‘বানর’ বলে ডেকেছেন। এ অভিযোগের পর উয়েফা একটি তদন্ত শুরু করেছে। ওই ম্যাচে ব্রাজিলিয়ান তারকার একমাত্র গোলেই জয় পায় রিয়াল মাদ্রিদ।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আশা করে, ফিফা এই মামলাটি পর্যবেক্ষণ করবে এবং উয়েফা দায়ীদের শনাক্ত ও শাস্তি দিতে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ভুক্তভোগী এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চালাতে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে উয়েফাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।’

ঘটনার সময় জার্সি দিয়ে মুখ ঢাকার দৃশ্য ক্যামেরায় ধরা পড়লেও অভিযুক্ত খেলোয়াড় প্রেস্টিয়ান্নি অভিযোগ অস্বীকার করেছেন। বেনফিকাও তাদের আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে চলা ‘অপপ্রচার’-এর নিন্দা জানিয়েছে।

রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ম্যাচে ঘটে যাওয়া অগ্রহণযোগ্য বর্ণবাদী ঘটনার বিষয়ে তাদের কাছে থাকা সব প্রমাণ উয়েফার কাছে পাঠানো হয়েছে।

লিসবনে অনুষ্ঠিত ওই ম্যাচে রেফারি বর্ণবাদবিরোধী প্রোটোকল কার্যকর করলে খেলা প্রায় ১০ মিনিটের জন্য বন্ধ থাকে।

রিয়াল মাদ্রিদের ফরাশি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বলেন, বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে তিনি পাঁচবার প্রেস্টিয়ান্নিকে ভিনিসিয়াসকে ‘বানর’ বলতে শুনেছেন।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বুধবার এক বিবৃতিতে বলেন, তিনি ‘এই কথিত বর্ণবাদী ঘটনার খবরে বিস্মিত ও মর্মাহত।’

গত বছর ফিফা তাদের শৃঙ্খলা বিধি সংশোধন করে বর্ণবাদ ও বৈষম্য মোকাবিলায় ১৫ ও ৩০ নম্বর ধারায় পরিবর্তন আনে। এর মধ্যে বর্ণবাদী আচরণের জন্য সর্বোচ্চ জরিমানা বাড়িয়ে ৫০ লাখ সুইস ফ্রাঁ করা হয়েছে। উয়েফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে প্রেস্টিয়ান্নি সর্বোচ্চ ১০ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

সূত্র : বাসস