২০২৫-২৬ মৌসুমের এফএ কাপ সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শেষ চারের এই দুই ম্যাচের ড্র।
ড্রতে ভিন্ন প্রতিপক্ষ পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। চেলসি খেলবে লিডসের বিপক্ষে আর সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে সিটিজেনরা।
লিডস এর আগে একবারই এফএ কাপের শিরোপা জিতেছে। সেটাও ১৯৭২ সালে। আর শেষবার সেমিফাইনাল খেলেছে ১৯৮৭ সালে। সব মিলিয়ে ৩৯ বছর পর শেষ চারে উঠল তারা।
ওয়েস্ট হ্যামকে রোববার টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে আসরের সেমি-ফাইনাল নিশ্চিত করে লিডস। নির্ধারিত সময়ে রোমাঞ্চকর ম্যাচটি ছিল ২-২ ড্র।
অন্যদিকে সাউথ্যাম্পটন তাদের একমাত্র শিরোপাটি জিতেছিল সেই ১৯৭৬ সালে। এবার প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে হারিয়ে তারা শেষ চারের টিকেট পায়।
সাউথ্যাম্পটনকে ফের ফাইনালে যেতে হারাতে হবে প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন সিটিকে। আর লিডসকে পাড়ি দিতে হবে আটবারের চ্যাম্পিয়ন চেলসি বাধা।
সেমি-ফাইনালের লড়াই হবে ওয়েম্বলি স্টেডিয়ামে, আগামী ২৫ ও ২৬ এপ্রিল। ২৫ এপ্রিল মুখোমুখি হবে ম্যানসিটি ও সাউথ্যাম্পটন। ২৬ এপ্রিল চেলসি খেলবে লিডসের বিপক্ষে।
দুই সেমিফাইনালের জয়ী দল নিয়ে আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে এফএ কাপের এবারের মৌসুমের মেগা ফাইনাল।



