আফ্রিকান ফুটবলে নাটকীয় মোড়। নেশন্স কাপে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। তিনমাস পর বদলে গেল ফাইনালের ফল। সেনেগালকে হটিয়ে মরক্কোকে করা হলো চ্যাম্পিয়ন ঘোষণা।
মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) জানায়, ফাইনালে সেনেগালের ১-০ ব্যবধানে পাওয়া জয় বাতিল করে তাদের ৩-০ গোলে পরাজিত ঘোষণা করা হয়েছে।
অথচ গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারায় সেনেগাল। তবে ফাইনালে জয়ী হলেও নিয়ম ভঙের দায়ে শিরোপা খোয়াতে হলো তাদের।
ফলে নাটকীয়ভাবে স্বাগতিক মরক্কো পেয়ে গেছে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। তাতেই ফুরালো ৫০ বছরের অপেক্ষা। ১৯৭৬ সালের পর দ্বিতীয়বারের মতো নেশন্স কাপের শিরোপা জিতলো মরক্কো।
ম্যাচের শেষ দিকে রেফারির এল পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে সাময়িকভাবে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেনেগালের অনেক খেলোয়াড়। সেই বিতর্কিত কাণ্ডের কারণেই এবার হাতছাড়া হলো শিরোপা।
সেনেগাল দল যদিও ১৫ মিনিট পর মাঠের বাইরে থাকার পর ফিরে আসে, তবে নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন দল মাঠ ত্যাগ করলে সেটি গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়।
মরক্কোর ফুটবল ফেডারেশনের আপিলের পর সিএএফ আপিল বোর্ড রায় দেয় যে সেনেগাল ম্যাচ ‘ফরফিট’ করেছে। ফলে নিয়ম অনুসারে ৩-০ ব্যবধানে জয় দেয়া হলো মরক্কোকে।
কাফের বিবৃতিতে বলা হয়, ‘বিধিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দল যদি রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করে, তবে সেটি হার বিবেচনা করা হবে।’
‘৮৪ নম্বর অনুচ্ছেদে এই বিধানকে আরো স্পষ্ট করে বলা হয়েছে, ৮২ নম্বর অনুচ্ছেদ ভাঙলে সংশ্লিষ্ট দল স্থায়ীভাবে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হবে ও ম্যাচটি ৩-০ ব্যবধানে হেরে গেছে বলে গণ্য হবে’
এদিকে সেদিনের ঘটনায় ব্যক্তিগত শাস্তি নিয়েও এসেছে নতুন সিদ্ধান্ত। সিএএফ জানিয়েছে, মরক্কোর ইসমায়েল সাইবারির বিরুদ্ধে আরোপিত এক লাখ ডলার জরিমানা বাতিল করা হয়েছে।
সেই সাথে তার নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে। এছাড়া ম্যাচে বলবয়ের আচরণের দায়ে মরক্কোকে এক লাখ ডলারের বদলে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
তবে ভিএআর এরিয়ার কাছে বিশৃঙ্খলার জন্য আগের এক লাখ ডলারের জরিমানা বহাল রাখা হয়েছে।



