বার্সেলোনার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল

মেসি চোখ ধাঁধানো গোল করার পরও ইন্টার মায়ামি বার্সেলোনার সাথে ২-২ গোলে ড্র করে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

যেন সময়কে থামিয়ে দিলেন লিওনেল মেসি। চোখ ধাঁধানো গোলে বিস্ময়ের বিস্ফোরণ ঘটালেন যেন তিনি। তার নান্দনিক গোলের পরেও অবশ্য বার্সেলোনার সাথে জিততে পারেনি ইন্টার মায়ামি।

গতকাল শনিবার ইকুয়েডরের কুইটোতে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় স্থানীয় ক্লাব বার্সেলোনা এফসি ও ইন্টার মায়ামি। যেখানে ম্যাচটা ড্র হয়েছে ২-২ গোলে।

ম্যাচের ৩১তম মিনিটে মেসির অসাধারণ গোলেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। মাঝ মাঠ থেকে বল নিয়ে এসে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের শটে গোল করেন তিনি। চলতি বছরে এটি মেসির প্রথম গোল।

তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি সফরকারীরা। স্বাগতিক বার্সেলোনা হয়ে ৪১ মিনিটে জোয়াও রোজাস গোল করে সমতা ফেরান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারো লিড নেয় মায়ামি।

এই গোলেও সহায়তা করেন মেসি। মেসি ডান প্রান্ত থেকে দারুণ এক ক্রস-ফিল্ড পাস দেন, যা বক্সের কিনারায় থাকা বেরতেরাম দারুণ দক্ষতায় জালে জড়ান।

লিগা এমএক্সের ক্লাব মনতেরে থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলারে দলে ভেড়া বেরতেরামের জন্য এটি ছিল মায়ামির জার্সিতে প্রথম একাদশে খেলা ম্যাচ।

২-১ গোলে এগিয়ে থেকে যখন জয় পেতে চলেছিল মায়ামি। কিন্তু ৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা ফাউল করে লাল কার্ড দেখলে ম্যাচের মোড় ঘুরে যায়।

অল্প সময়ের মধ্যেই কাছ থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান তোমাস মার্তিনেজ। শেষ পর্যন্ত আর কোনো দল ব্যবধান বাড়াতে না পারায় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

দক্ষিণ আমেরিকা সফরে তিন ম্যাচে মায়ামির এটি দ্বিতীয় ড্র। এর আগে পেরুর আলিয়ানজা লিমার কাছে হারের পর কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

নতুন মৌসুমের আগে প্রস্তুতির শেষ ম্যাচে শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের মুখোমুখি হবে মায়ামি।