সব ফুটবল ম্যাচ স্থগিত করেছে কাতার, অনিশ্চিত ফিনালিসিমা

রোববার এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ম্যাচগুলো স্থগিত করে। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
মেসি ও লামিন ইয়ামাল
মেসি ও লামিন ইয়ামাল |সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে কাতার ফুটবল ফেডারেশন (কিউএফএ)।

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্থগিতাদেশ ঘোষণা করা হয়। এ সময় কিউএফএ সরাসরি হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে, প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।

ইরানে হামলার প্রভাব পড়ায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের ফ্লাইটে বিঘ্ন ঘটেছে এবং কাতারের দোহা বিমানবন্দরেও অচলাবস্থা দেখা দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত দোহার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখা গেছে।

আর এতেই দোহার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’ ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি-না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ম্যাচটি ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা ছিল লামিন ইয়ামাল ও লিওনেল মেসির।

স্পেনের ক্রীড়া দৈনিক ‘এএস’ জানিয়েছে, ম্যাচটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে রোববার বিকেল পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ম্যাচ স্থগিতের বিষয়ে কোনো নতুন খবর নেই।

রোববার এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ম্যাচগুলো স্থগিত করে। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সূত্র : বাসস