ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না লম্বা সময় ধরে। দুই দলের দেখা হয় কেবল কেনো টুর্নামেন্টে। তবে কমতি থাকে না রোমাঞ্চের। তেমনি রোমাঞ্চের স্বাদ দিতে আজ মুখোমুখি হচ্ছে দুই দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। আজ (রোববার) সন্ধ্যায় মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোতে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
পাকিস্তান-ভারত মহারণ মানেই বাড়তি উত্তেজনা। আগুনে যেন আরো ঘি ঢেলেছে ‘পেহেলগাম’ ঘটনা। এছাড়া গত এশিয়া কাপে ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনাও আছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই ম্যাচে মাঠে নামার আগেও নাটকীয়তার শেষ ছিল না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট করে বসে পাকিস্তান। যদিও অন্যান্য দেশগুলোর অনুরোধে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা।
মাঠের বাইরে এমন তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ দেখা গেলেও, মাঠে খুব একটা প্রতিদ্বন্দ্বিতার দেখা মেলে না। বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই পরিসংখ্যানের একপেশে গল্প। যেখানে হরদম পিছিয়ে পাকিস্তান।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬ বারের দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে ভারত, আর পাকিস্তানের জয় তিনটি। আর বিশ্বকাপের ৮ লড়াইয়ে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে আছে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ের মাটিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ১০ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। সেটিই ছিল বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।
চলতি বিশ্বকাপে পাকিস্তান জিতেছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। অন্যদিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে। ফলে এইদিক থেকে সমানে সমান দুই দল।
তবে প্রস্তুতি, কন্ডিশন ও দলগত ছন্দ- এই তিন জায়গায় এগিয়ে থেকেই মাঠে নামবে সালমান আগার পাকিস্তান। বিশ্বকাপ শুরুর অনেক আগেই কলম্বোয় পৌঁছে অনুশীলন করে দলটি।
একই হোটেলে থাকা, একই পরিবেশে প্রস্তুতি- সব মিলিয়ে স্থানীয় পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নিয়েছে সালমানের দল। অন্যদিকে বিশ্বকাপের আয়োজক হয়েও হাইব্রিড মডেল মেনে ভারতকে খেলতে হচ্ছে শ্রীলঙ্কায়।



