বিশ্বকাপ শেষ শ্রীলঙ্কার, বড় জয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখল নিউজিল্যান্ড

বুধবার সুপার এইটের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তুলে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান পর্যন্ত করতে পারে শ্রীলঙ্কা। তাতেই শেষ লঙ্কানদের শিরোপা স্বপ্ন।

নয়া দিগন্ত অনলাইন
৭ উইকেটে ১৬৮ রান তুলে নেয় নিউজিল্যান্ড
৭ উইকেটে ১৬৮ রান তুলে নেয় নিউজিল্যান্ড |সংগৃহীত

বিশ্বকাপ শেষ শ্রীলঙ্কার। সেমিফাইনালে উঠা হচ্ছে না তাদের, করা হচ্ছে না শিরোপা পুনরুদ্ধার। টানা দুই হারে শেষ চারের দৌঁড় থেকে ছিটকে গেল দাসুন শানাকার দল।

হার দিয়েই সুপার এইট শুরু করেছিল শ্রীলঙ্কা, ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা। এবার কলম্বোতে নিউজিল্যান্ডের কাছেও ধরাশায়ী দলটা। কিউইদের কাছে হেরেছে ৬১ রানে।

বুধবার সুপার এইটের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তুলে নেয় নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান পর্যন্ত করতে পারে শ্রীলঙ্কা। তাতেই শেষ লঙ্কানদের শিরোপা স্বপ্ন।

বিপরীতে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে কিছুটা এগিয়ে গেল নিউজিল্যান্ড। অন্যদিকে লঙ্কানদের পরাজয়ে আরো কঠিন হলো পাকিস্তানের শেষ চারের পথ।

অবশ্য টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না কিউইদের। ১২.১ ওভারে ৮৪ রানে ৬ উইকেট হারায় তারা। ফিন অ্যালেন (২৩), সেইফার্ট (৮) ও রাচিন রবীন্দ্র ২২ বলে ৩২ করে আউট হন।

এরপর গ্লেন ফিলিপ (১৮), ড্যারেল মিচেল (৩) ও মার্ক চ্যাপম্যান (০) হতাশ করলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাকঙ্কি।

দু’জন মিলে সপ্তম উইকেটে গড়েন ৪৭ বলে ৮৪ রানের জুটি। বিশ্বকাপ ইতিহাসে সপ্তম উইকেটে যা সর্বোচ্চ জুটির রেকর্ড। মাত্র ২৬ বলে ৪৭ রান করে ইনিংসের শেষ বলে আউট হন স্যান্টনার।

তবে ম্যাকঙ্কি অপরাজিত থাকেন ২৩ বলে ৩১ রান নিয়ে। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও দুশমন্থ চামিরা।

রান তাড়ায় প্রথম বলেই ফেরেন পাথুম নিশানকা (০)। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি লঙ্কানরা,পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ২০ রান করতে পারে শ্রীলঙ্কা।

একপর্যায়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮.২ ওভারে ২৯ রানে ৪ উইকেট। এরপর কামিন্দু মেন্ডিস ২৩ বলে ৩১ ও দুনিথ ওয়েলালাগে ২৩ বলে ২৯ রান করে দলকে কোনোমতে এক শ’ পার করান।

বাকিদের মাঝে কুশল মেন্ডিস ২২ বলে ১১ ও পবন রত্নায়েকে ১৮ বলে করেন ১০ রান। কিউইদের হয়ে ২৭ রানে ৪ উইকেট নেন রাচিন রবীন্দ্র। দুই ওভারে এক মেডেনসহ ৩ রানে ২ উইকেট নেন হেনরি।